ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষ
আহত ১১, উত্তপ্ত মহেশপুর
ঝিনাইদহের মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটি ও জেলা কমিটির সাবেক নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার শিক্ষক সমিতি ভবনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সৌজন্য সাক্ষাতের সময় বাপ্পি গ্রুপ সেখানে উপস্থিত হলে শুরু হয় বাকবিতণ্ডা। মুহূর্তেই তা রূপ নেয় সংঘর্ষে, যাতে অন্তত ১১ জন আহত হন। ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা জুড়ে বিরাজ করছে উত্তেজনা, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে, আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরায়রা ও সদস্য সচিব সাইদুর রহমান অভিযোগ করেন, ছাত্রলীগের ১৫-২০ জনের একটি গ্রুপ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান সাজু জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস।






আপনার মতামত লিখুন