উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনা
আহতদের সহায়তায় ঢাকা আসছে ভারতের চিকিৎসক দল ও সরঞ্জাম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে গুরুতর আহতদের সহায়তায় এগিয়ে আসছে ভারত। চিকিৎসা সহায়তা দিতে বার্ন ইউনিটে অভিজ্ঞ দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং দগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম আজই (মঙ্গলবার) ঢাকা পৌঁছাচ্ছে।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চলমান আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র।
সূত্র জানায়, প্রথম ধাপে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি ছোট টিমসহ কিছু গুরুত্বপূর্ণ মেডিক্যাল ইকুইপমেন্ট পাঠানো হচ্ছে। পরবর্তীতে প্রয়োজন হলে আরও চিকিৎসক ও সহায়ক দল আসবে।
জানা গেছে, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং ভারতের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দেন।
সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি বার্তায় দুর্ঘটনায় শোক প্রকাশ করে লেখেন, “ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত।”
তারপর থেকেই ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে সমন্বয় চলতে থাকে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বেশিরভাগ আহতের শরীর দগ্ধ হওয়ায় বার্ন বিশেষজ্ঞ এবং অত্যাধুনিক ওষুধ ও চিকিৎসা যন্ত্রপাতির প্রয়োজন। ভারতের পক্ষ থেকে অনুরোধটি সঙ্গে সঙ্গেই গুরুত্ব সহকারে আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়।
দিল্লির কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় ধাপে আরও বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া চলছে। বাংলাদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়াতে ভারত প্রস্তুত বলেও জানিয়েছেন তারা।






আপনার মতামত লিখুন