বিয়ের কয়েক মাসের মাথায় বিমান দুর্ঘটনায় পাইলট তৌকিরের মৃত্যু
স্তব্ধ নবদম্পতির সংসার
এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আকশা আহম্মেদ নিঝুম। বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় বিমান দুর্ঘটনায় তৌকিরের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে এই নবদম্পতির স্বপ্নের সংসার। পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ঘন ছায়া।
জানা গেছে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে তাতে পাইলট তৌকির ইসলাম নিহত হন। তিনি ছিলেন অত্যন্ত নম্র, বিনয়ী এবং দায়িত্ববান একজন অফিসার বলে জানিয়েছেন পরিচিতজনেরা।
তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসার্ট গ্রামে। এছাড়া রাজশাহীতেও তাদের একটি পারিবারিক বাসা রয়েছে। গেল কোরবানির ঈদে রাজশাহীতে ছুটি কাটাতে এসেছিলেন তৌকির ও তার স্ত্রী নিঝুম। সেখানে কোরবানি দেওয়ার পর ঢাকায় ফিরে যান। এরপর রাজশাহীতে আর ফেরা হয়নি তার।
তৌকিরের গাড়িচালক আলী হাসান জানান, “তৌকির স্যারের বিয়ে হয়েছে গাজীপুরে। এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজশাহীর নানকিং কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান হয়। স্যার খুব ভদ্র, নম্র এবং ভালো মনের মানুষ ছিলেন। ঢাকায় বিমানবাহিনীর কোয়ার্টারে নিয়ে গেলে নিজেই পুরো এলাকা ঘুরিয়ে দেখান—একদম অহংকারহীন মানুষ ছিলেন তিনি।”
তৌকির ও নিঝুম ঢাকায় বিমানবাহিনীর কোয়ার্টারে থাকতেন। তারা দুজনেই স্বপ্ন দেখতেন একসাথে একটি সুন্দর জীবন গড়ার। কিন্তু অকালে তৌকিরের প্রাণ ঝরে যাওয়ায় নিঝুমের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।






আপনার মতামত লিখুন