এক ব্যক্তি তিন পদে থাকলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়
-ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের
রাজনৈতিক ভারসাম্য রক্ষায় একজন ব্যক্তি যেন একসাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলের প্রধান না থাকেন—এমন দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
রোববার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৫তম দিনের সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, “একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলের প্রধান হলে সংসদ সদস্যরা মুখ খুলতে পারেন না, দলের নেতাকর্মীরাও থাকেন আতঙ্কে। এতে রাজনৈতিক কাঠামোর ভারসাম্য নষ্ট হয় এবং নেতৃত্ব বিকাশের সুযোগ সংকুচিত হয়ে পড়ে।”
তিনি বলেন, “আমরা মনে করি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হতে পারেন, তবে একইসাথে দলের প্রধান থাকা যাবে না।”
তত্ত্বাবধায়ক সরকার প্রধান গঠনে র্যাঙ্কড চয়েস ভোটিং বা ভোটাভুটির বিরোধিতা করে তিনি বলেন, “ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিলে নেতিবাচক রাজনীতির দরজা খুলে যাবে। অতীতে আমরা হর্স ট্রেডিং, দর কষাকষির কুফল দেখেছি।”
তাহের আরও বলেন, “আমরা চাই রাজনৈতিক ঐকমত্যে প্রক্রিয়ার মাধ্যমেই কমিটি গঠিত হোক।”
যদি ঐকমত্য সম্ভব না হয়, সেক্ষেত্রে বিকল্প প্রস্তাব দিয়ে তিনি বলেন— “সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যেতে পারে।”
আর কমিটি গঠনের বিষয়ে তার প্রস্তাব: ৫ সদস্যের কমিটি হলে: সরকার ও বিরোধী দল থেকে দু’জন করে এবং তৃতীয় বৃহত্তম দল থেকে একজন ,৭ সদস্যের কমিটি হলে: সরকার ও বিরোধী দল থেকে তিনজন করে এবং তৃতীয় পক্ষ থেকে একজন।
তবে তাহের স্পষ্ট করে বলেন, “কমিটির সদস্য সংখ্যা যাই হোক, তা হতে হবে সর্বসম্মতভাবে। সংখ্যাগরিষ্ঠতার জোরে কাউকে বাদ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ যেন না হয়।”






আপনার মতামত লিখুন