চায়ের দোকানে বাগবিতণ্ডা, পুলিশের ওপর ছুরি নিয়ে চড়াও মাদক ব্যবসায়ী
দিনাজপুর শহরের কাচারি রেলঘুমটি লাইনপাড় এলাকায় চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে রায়হান হোসেন নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে ঘটনার পরপরই অভিযুক্ত রাজুকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ।
রবিবার (২০ জুলাই ) বিকেল আনুমানিক ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য রায়হান হোসেন দিনাজপুর পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম বলেন, “রায়হান হোসেন শহরের কাচারি রেলঘুমটি লাইনপাড় এলাকার একটি দোকানে চা খেতে যান। সেখানে কে আগে চা নেবে—এই বিষয়কে কেন্দ্র করে রাজু নামে এক যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজু উত্তেজিত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে রায়হান হোসেনকে আঘাত করে।”
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাজুকে আটক করে। আটক রাজু দিনাজপুর পৌর শহরের লাইনপাড় এলাকার বাসিন্দা এবং মো. আব্দুর সাত্তারের ছেলে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজু একজন পরিচিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, রাজু ও তার সঙ্গীদের কারণে লাইনপাড় এলাকায় দীর্ঘদিন ধরেই অস্থিরতা ও অপরাধমূলক কার্যক্রম চলছে। তারা দ্রুত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।






আপনার মতামত লিখুন