জুলাই স্মরণে ‘২৪-এর রঙে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হচ্ছে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’। এই কর্মসূচির কার্যকর বাস্তবায়ন ও সঠিক মূল্যায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় গঠিত হয়েছে বিভিন্ন পর্যায়ে সাত সদস্যের কমিটি।
রবিবার (১৩ জুলাই) পাঠানো এক অফিস আদেশে জানানো হয়, মহানগর, জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে এই কমিটিগুলো গঠন করা হবে। প্রতিটি কমিটি ৭ সদস্যবিশিষ্ট হবে। তবে প্রয়োজন হলে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার সুযোগও রাখা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, উপজেলা ও মহানগর পর্যায়ের কমিটি ১৫ থেকে ১৭ জুলাই এর মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করে বিজয়ী ৩টি প্রতিষ্ঠানের নাম জেলা কমিটির কাছে পাঠাবে। এরপর জেলা কমিটি ১৯ থেকে ২০ জুলাই এর মধ্যে প্রতিযোগিতা শেষ করে বিজয়ীদের বিভাগীয় কমিটিকে জানাবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৩ জুলাই। সেখান থেকেও নির্বাচিত ৩টি প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।
এ উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আয়োজকদের আশা, তরুণদের সৃজনশীলতা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করার জন্য এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






আপনার মতামত লিখুন