মিটফোর্ডে প্রধান খুনি ধরা হয়নি কেন? প্রশ্ন তারেক রহমানের
রাজধানীর মিটফোর্ড এলাকায় আলোচিত সোহাগ হত্যাকাণ্ড নিয়ে সরকারের উদ্দেশে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি, যাকে স্ক্রিনে স্পষ্ট দেখা গেছে হত্যা করতে, সেই মূল আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাহলে কি ধরে নিতে হবে, সরকারের কিংবা প্রশাসনের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে?”
শনিবার (১২ জুলাই) রাজধানীর হোটেল লেকশোরে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ আমরা দেখছি, যারা অন্যায় করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা বারবার বলেছি—অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়, বিচার চাই। কিন্তু সরকার কেন প্রশ্রয় দিচ্ছে, সেটা জানতে চাই।”
তিনি আরও বলেন, “মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় আমরা স্পষ্টভাবে দেখেছি, কীভাবে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, সেই হত্যাকারী এখনো কেন ধরা পড়েনি? সরকার কি এর মাধ্যমে একটি অনিরাপদ পরিস্থিতি তৈরি করতে চাইছে?”
ষড়যন্ত্র এখনো চলমান উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “আমি অনেক আগেই বলেছিলাম—এই দেশে অদৃশ্য শত্রু আছে। আজ সেটা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। আমাদের এখন বিচার করতে হবে, কারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ছিল, আছে এবং থাকবে।”
তিনি আরো বলেন, “যে অন্যায় করে, সে অন্যায়কারী—সে কোন দলের তা বিবেচ্য নয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত। আজ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। আমাদের দেখতে হবে, কারা এর পেছনে কাজ করছে।”






আপনার মতামত লিখুন