বিমানে আগুন আতঙ্ক: ডানা থেকে লাফিয়ে পড়লেন যাত্রীরা, আহত ১৮
স্পেনের পালমা দে মাললোরকা বিমানবন্দরে রায়ানএয়ারের একটি বোয়িং ৭৩৭ ফ্লাইটে আগুন লাগার সতর্কতা জারি হওয়ার পর আতঙ্কে বিমানের ডানা থেকে লাফিয়ে পড়েন যাত্রীরা। এতে অন্তত ১৮ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার, ম্যানচেস্টারগামী ওই ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিমানে আগুন লাগার সতর্কতা আলো জ্বললে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি বহির্গমন পথ খুলে যাত্রীদের নামানো হয়। তবে অনেক যাত্রী স্লাইড ব্যবহার না করে সরাসরি বিমানের ডানা থেকে মাটিতে লাফিয়ে পড়ে আহত হন।
আরব টাইমস-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই জরুরি বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিমাবন্দরের অগ্নিনির্বাপণকর্মী, সিভিল গার্ড এবং চারটি অ্যাম্বুলেন্স উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। যাত্রীদের দ্রুত বিমানের বাইরে এনে টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা বিমানের ডানায় উঠে একে একে নিচে লাফ দিচ্ছেন।
রায়ানএয়ার জানিয়েছে, এটি একটি ভুল সতর্কতা সংকেত ছিল। তবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে জরুরি স্লাইড ব্যবহার করে তাদের সরিয়ে নেওয়া হয় এবং ফ্লাইটটি বাতিল করা হয়।
প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই আমেরিকান এয়ারলাইনস-এর একটি ফ্লাইটে একই ধরনের ঘটনা ঘটে। লাস ভেগাসে উড্ডয়নের shortly পরই ইঞ্জিনে আগুন লাগায় ১৫৩ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।






আপনার মতামত লিখুন