গুপ্তচর সন্দেহে লাখো আফগানকে জোর করে ফেরত পাঠাচ্ছে ইরান
ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের পর ইরানে বসবাসরত ‘অবৈধ’ আফগান নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। জাতিসংঘের মতে, ইরান থেকে ফেরত পাঠানো আফগানদের অন্তত ৭০ শতাংশকে জোর করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে রয়েছে বিপুলসংখ্যক নারী ও শিশু।
ইরানে অবস্থানরত আফগানরা বলছেন, স্থানীয় গণমাধ্যম ও প্রচারণার কারণে তাদের রাস্তাঘাটে এবং বাজারে অপমান ও হয়রানির শিকার হতে হচ্ছে। এমনকি অনেককে ইসরায়েলের গুপ্তচর বলেও সন্দেহ করা হচ্ছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, শুধু জুন মাসেই ইরান থেকে দুই লাখ ৫৬ হাজার আফগান নাগরিক আফগানিস্তানে ফিরেছেন। চলতি বছরে ইরান ও পাকিস্তান থেকে ১০ লাখের বেশি আফগানকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে।
ইরানের সীমান্তে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে বহু আফগান হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি যাদের বৈধ কাগজপত্র রয়েছে, তাদেরও আটক করে দেশছাড়া করা হচ্ছে। অনেকের মোবাইল ফোন জব্দ করার ঘটনাও ঘটছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, ফেরত পাঠানোর সময় পাঁচ হাজারের বেশি আফগান শিশু তাদের পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
তেহরানে অবস্থানরত এক আফগান নাগরিক বলেন, “এখানে আমাদের অবস্থা খুবই খারাপ। এমনকি ক্ষুদ্র কারখানাগুলোতেও পুলিশ অভিযান চালিয়ে আফগানদের ধরে নিয়ে যাচ্ছে।”
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সিকান্দার মোমেনি স্বীকার করেছেন, “আফগানরা পরিশ্রমী, কিন্তু আমাদের দেশ অতিরিক্ত চাপ নিতে পারছে না। গত দুই-তিন বছরে যাঁরা এসেছেন, তাদের অনেকেই বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন।”
সরকারি তথ্যমতে, ইরানে প্রায় ৬০ লাখ আফগান বসবাস করছেন। তবে জাতিসংঘ বলছে, তাদের মধ্যে অন্তত ২০ লাখ নাগরিকের কোনো বৈধ কাগজপত্র নেই।






আপনার মতামত লিখুন