গাজায় হামলায় ইসরায়েলি সেনা নিহত, গুরুতর আহত আরও তিনজন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ইসরায়েলি এক সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন দখলদার সেনা। বুধবার (২ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)।
নিহত সেনার নাম সার্জেন্ট ইয়ানিভ মিখালোভিচ। তিনি সপ্তম সাঁজোয়া ডিভিশনের অধীনস্থ ৮২ নম্বর ব্রিগেডের ট্যাংক ক্রু হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হামলাটি উত্তর গাজায় সংঘটিত হয় বলে নিশ্চিত করেছে আইডিএফ।
প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, ওই একই হামলায় একজন ট্যাংক কমান্ডার এবং একই ব্যাটালিয়নের আরেক সেনা গুরুতর আহত হন। এছাড়া আরেকটি ভিন্ন হামলায় ইসরায়েলি কমান্ডো ব্রিগেডের ইগোজ ইউনিটের এক সেনা গুরুতরভাবে আহত হন।
আহত সেনাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ।
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে ৮৮০ জন ইসরায়েলি সেনা নিহত এবং ৫,৮৪৪ জন আহত হয়েছেন। সর্বশেষ এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮১ জনে।






আপনার মতামত লিখুন