মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জনের বিচার এগোচ্ছে
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের বিপক্ষে শুনানির জন্য আগামী সোমবার (৭ জুলাই) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১ জুলাই) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন এবং সাবেক পুলিশ প্রধানের পক্ষে আইনজীবী জায়েদ বিন আমজাদ শুনানিতে অংশ নেন।
এর আগে ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার ৫টি অভিযোগ আমলে নেয়। একইসঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। পরে আদালতের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়—৭ দিনের মধ্যে তারা আত্মসমর্পণ না করলে অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে।
১৭ জুন ট্রাইব্যুনাল থেকে আনুষ্ঠানিক নোটিশ জারি করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তি প্রকাশিত হয় জাতীয় দৈনিক পত্রিকায়।
আলোচ্য মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের চব্বিশে জুলাই ঘোষিত একদফার আন্দোলনের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকদের ওপর রাষ্ট্রীয় বাহিনী গুলি চালায়, যাতে বহু মানুষ প্রাণ হারায়। এই হামলার পরিকল্পনা, নির্দেশনা ও সমন্বয়কারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশপ্রধানকে।
প্রসিকিউশনের দাবি, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। এতে গণহত্যা, বিচারবহির্ভূত হত্যা, এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ও মিজানুল ইসলাম আদালতে বিস্তারিত অভিযোগ পড়ে শোনান, যা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সম্প্রচারিত হয়।
এই মামলার অন্যতম আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ১ জুলাই ট্রাইব্যুনালে সশরীরে হাজির থাকলেও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান এখনো পলাতক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আসামিদের পক্ষে পরবর্তী শুনানি ৭ জুলাই অনুষ্ঠিত হবে। এরপর আদালত অভিযোগ গঠন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।






আপনার মতামত লিখুন