অপপ্রচারের জবাব ইতিহাসই দেবে: আসিফ মাহমুদ সজীব
সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও সামাজিক মাধ্যমে চলমান আক্রমণের প্রেক্ষাপটে নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২৫ জুন) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ইতিহাস সবাইকেই তার প্রাপ্য বুঝিয়ে দেয়। তিনি গুজব, অপপ্রচার এবং তার পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আহ্বান জানান।
ফেসবুক স্ট্যাটসে তিনি লিখেছেন, গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে চালচোর বলে স্লোগান দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? শুরুতেই সরকারপক্ষ থেকে সমাধানের চেষ্টা যারা দম্ভভরে প্রত্যাখ্যান করে ভোগান্তির জন্য দায়ী, তারা কি ক্ষমা চেয়েছে? নগর ভবন বন্ধ করে ১ কোটির বেশি নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? নগর ভবন দখলকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত হওয়ার ঘটনায় কেউ ক্ষমা চেয়েছে?
কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে কারণ আমি বলেছি, কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে। আমি সত্যি বলেছি, এবং সত্যি যে বলেছি, এটা তিনিও জানেন। তাঁকে যে ট্র্যাপে ফেলা হয়েছে, ফর আ বেটার নেগোশিয়েশন ব্যবহার করা হয়েছে, তা তিনি ভালো করেই জানেন এবং আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছে স্বীকারও করেছেন।
এত নোংরামি করার পরও গত দেড় মাসে একবারের জন্যও ভদ্রতার লাইন ক্রস করিনি। একবারও ব্যক্তি আক্রমণ করিনি কিংবা ছোট করে কথা বলিনি। আমার লড়াই, রাজপথ, রাজনৈতিক পথচলা কিংবা পরিবার কেউই আমাকে এই শিক্ষা দেয়নি। আমি ধৈর্য ধরেছি, জবাব দেইনি বলে যে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে, এমনটা না। ইতিহাস সবাইকেই যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়।






আপনার মতামত লিখুন