তেলের মূল্যবৃদ্ধি এখনই নয়ঃ অর্থ উপদেষ্টা
ইরান-ইসরায়েল যুদ্ধটা আমরা পর্যবেক্ষণ করছি। জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আমরা আরও অপেক্ষা করব। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেছেন।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে আমাদের দেশের জ্বালানি তেলের দামে কোনো প্রভাব পড়বে কি না– এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধটা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা দেখেছি ইতোমধ্যে কিছুটা বেড়েছে। তবে যেগুলোতে আমরা অর্ডার করেছি, সেগুলোতে প্রভাব ফেলেনি।
উপদেষ্টা বলেন, আপাতত বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।
বিশেষ কোনো প্রস্তুতি নিয়ে রাখছেন কি না– জানতে চাইলে তিনি বলেন, বিশেষ প্রস্তুতি বলতে আজ আমরা যে এলএনজি, সার আনার প্রস্তাব অনুমোদন দিলাম, সেটা পুরোনো দামে। ভবিষ্যতে যখন নতুন কোনো কিছু আনব তখন হয়ত কিছুটা ইফেক্ট করবে।
যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে বিকল্প কিছু চিন্তা করছেন কি না– এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বিকল্প চিন্তা বলতে অবশ্যই জ্বালানি মন্ত্রণালয় করছে। যেহেতু আমরা এলএনজির ওপর নির্ভর করি বেশি। যুদ্ধে জ্বালানি শুধু না, সার, জাহাজ চলাচলেও প্রভাব পড়বে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ আসে, সেখানে প্রভাব পড়তে পারে। আমার মনে হয় যুদ্ধটা বেশি দিন চলবে না।
বর্তমানে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, অনেক দেশেই বেড়েছে– এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা এখনো সেটাতে যাচ্ছি না, আমরা আরও অপেক্ষা করব।






আপনার মতামত লিখুন