বাংলাদেশে খেলাপি ঋণে রেকর্ড
বাংলাদেশে খেলাপি ঋণে রেকর্ড, ব্যাংকখাতে ঋণের ২৪.১৩ শতাংশ খেলাপি
একীভূত হচ্ছে পাঁচ ইসলামি ব্যাংক, পাচার হওয়া অর্থ উদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা
বাংলাদেশের ব্যাংক খাত খেলাপি ঋণের নতুন এক রেকর্ডে পৌঁছেছে। চলতি বছরের প্রথম তিন মাসেই এ খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৪,৫৭০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৫ সালের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা, যা ছিল মোট ঋণের ২০.২০ শতাংশ। নতুন এ পরিসংখ্যান আন্তর্জাতিক মানের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
তাদের মতে, এটি ব্যাংক খাতের গভীর দুরবস্থার প্রতিফলন। পাশাপাশি আগের সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে যেসব শীর্ষ গ্রুপের মন্দ ঋণ গোপন রাখা হয়েছিল— সেগুলোর অনেকটাই এখন শ্রেণিকরণের আওতায় আসায় খেলাপি ঋণের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে।
বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়িক গোষ্ঠী বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। আলোচনায় উঠে এসেছে এস আলম গ্রুপ, বেক্সিমকো, নাসা গ্রুপসহ কয়েকটি প্রভাবশালী কোম্পানির নাম— যাদের কেউ কারাগারে, কেউ ইতোমধ্যে দেশ ছেড়েছেন।
ব্যাংক একীভূত করার ঘোষণা
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ব্যাংক খাতের স্থিতিশীলতা ফেরাতে বেসরকারি খাতের পাঁচটি ইসলামি ব্যাংককে খুব শিগগিরই একীভূত করা হবে।
তিনি বলেন, “নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত হবে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং আগামী সরকারও তা এগিয়ে নেবে বলে আমরা আশাবাদী।”
গভর্নর জানান, একীভূত প্রক্রিয়ায় ব্যাংক কর্মীদের চাকরি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে কিছু শাখা কাঠামোর পরিবর্তন আসতে পারে। বিশেষ করে যেসব ব্যাংকের শাখা শহরাঞ্চলে অতিমাত্রায় কেন্দ্রীভূত, সেগুলোর কিছু গ্রামীণ এলাকায় স্থানান্তরের চিন্তা রয়েছে।
পাচার হওয়া অর্থ উদ্ধারের প্রসঙ্গ
বিদেশে পাচার হওয়া ঋণের অর্থ উদ্ধারের বিষয়ে গভর্নর বলেন, “এটি একটি দীর্ঘমেয়াদি ও ধাপে ধাপে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া। আদালতের চূড়ান্ত রায় ছাড়া এসব অর্থ ফেরত আনা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আমরা সুনির্দিষ্ট তথ্য ও উপাত্ত সংগ্রহ করে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করবো। তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করলে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে।”
বিশেষ নজরে ইসলামি ব্যাংকগুলো
বর্তমানে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হওয়ার পর এসব ব্যাংকের প্রকৃত অবস্থা এখন প্রকাশ পাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।






আপনার মতামত লিখুন