হাইফা-তেল আবিবে ভয়াবহ হামলায় নিহত ৮, নিখোঁজ ৩৫
ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নতুন মাত্রা পেয়েছে। শনিবার রাতভর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় উত্তাল হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের আকাশ। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের হাইফা, তেল আবিব ও বাত ইয়াম শহরে অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, বাত ইয়ামের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ৩৫ জন নিখোঁজ রয়েছেন। ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধারকর্মীরা সেখানে জীবন বাজি রেখে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, উত্তরের এক হামলায় দুইজন চল্লিশোর্ধ্ব নারী, এক তরুণী ও এক কিশোরী প্রাণ হারিয়েছেন। অন্যদিকে বাত ইয়ামে আরও তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
এদিকে ইসরায়েলও বসে নেই। তীব্র পাল্টা জবাবে তারা ইরানের জ্বালানি খাত ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরসহ একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। বিশেষ করে তেহরানের শাহরান তেল স্থাপনাসহ দক্ষিণ ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রেও হামলা চালানো হয়, যা আগুনে জ্বলছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র।
ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ইরানের পারমাণবিক প্রকল্প-সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
ইরানি মিডিয়া জানিয়েছে, গত দুই দিনের ইসরায়েলি হামলায় অন্তত ৮০ জন নিহত ও ৮০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে।
সংঘাতের ভয়াবহতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, ইরান হরমুজ প্রণালি বন্ধের চিন্তাভাবনা করছে। এই প্রণালি বন্ধ হলে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথভাবে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের একটি সূত্র।






আপনার মতামত লিখুন