মাঠপর্যায়ের পুলিশের কাছে থাকবে না ভারী ‘মারণাস্ত্র’: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাইফেল থাকলেও পুলিশের কাছে থাকবে না ভারী ‘মারণাস্ত্র’: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মাঠ পর্যায়ের পুলিশের হাতে রাইফেলের মতো অস্ত্র থাকবে, তবে ভারী মারণাস্ত্র রাখা হবে না।
শনিবার (১৪ জুন) বেলা ১১টায় রাজধানীর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরবর্তীতে র্যাব-১ কার্যালয় পরিদর্শনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিশেষায়িত ইউনিট যেমন এপিবিএনের কাছে থাকবে ভারী অস্ত্র। কিন্তু সাধারণ থানা বা মাঠ পর্যায়ের পুলিশের হাতে ভারী মারণাস্ত্র রাখা হবে না।”
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে এপিবিএনের জন্য ২০০টি গাড়ি আনা হচ্ছে। তবে এখনো থানা পুলিশের আবাসন ব্যবস্থা খুবই খারাপ, যা নিরসনে কাজ চলছে।
গত ১১ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে বলেও জানান তিনি। “ছোটখাটো কিছু ঘটনা বাদ দিলে এবারের ঈদ উৎসব পুরোপুরি শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাও বিচ্ছিন্ন একটি ঘটনা।”
তিনি আরও বলেন, “যানজট দেশের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আদর্শভাবে কোনো শহরে ২০ শতাংশ রাস্তা থাকার কথা থাকলেও আমাদের দেশে সেই হার ৭ শতাংশের নিচে। যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে, ফলে যানজট স্বাভাবিকভাবে বাড়ছে। তবে সমস্যা নিরসনে কাজ করছে সরকার।”






আপনার মতামত লিখুন