বিক্ষোভ দমনে হিমশিম খাচ্ছেন ট্রাম্প কারফিউ জারি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর অভিবাসনবিরোধী অভিযানের প্রেক্ষাপটে টানা চার দিন ধরে উত্তাল। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও, বিক্ষোভ ধীরে ধীরে সহিংসতায় রূপ নিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো এবং ডালাসের মতো বড় শহরগুলোতেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি সামাল দিতে এখন পর্যন্ত চার হাজার ন্যাশনাল গার্ড সদস্য ও ৭০০ মেরিন সেনা মোতায়েন করেও সফলভাবে নিয়ন্ত্রণ আনতে পারছে না ট্রাম্প প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
এদিকে সহিংসতা ঠেকাতে লস অ্যাঞ্জেলেস শহরের মেয়র কারেন বাস মঙ্গলবার (১০ জুন) রাত থেকে কারফিউ জারি করেছেন। কারফিউ প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে এবং তা কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি। (সূত্র: সিএনএন)
লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেলের তথ্যমতে, গত চার দিনে অন্তত ৩৭৮ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে মঙ্গলবার একদিনেই ২০০ জনকে আটক করা হয়। মেয়র আরও জানিয়েছেন, চলমান বিক্ষোভে অন্তত ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের শিকার হয়েছে।
এই বিক্ষোভ কেবল ক্যালিফোর্নিয়াতেই সীমাবদ্ধ নেই। বিবিসি জানিয়েছে, একই ধরনের প্রতিবাদ ছড়িয়ে পড়েছে বোস্টন, হিউস্টন ও ফিলাডেলফিয়াতেও।
এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জাতীয় রক্ষীবাহিনী এবং মেরিন সেনা মোতায়েনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি এই সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।






আপনার মতামত লিখুন