টিকটক ভিডিওর জন্য ফটোগ্রাফার খুন: ছিনতাইয়ের ঘটনায় ১০ যুবক গ্রেপ্তার
হাজারীবাগে ফটোগ্রাফার খুন: পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনায় ১০ যুবক গ্রেপ্তার
রাজধানীর হাজারীবাগে পরিকল্পিতভাবে ফটোগ্রাফার নূরুল ইসলামকে হত্যা ও তার ডিএসএলআর ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) ঢাকা ও ময়মনসিংহে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি ছিনতাইকৃত ডিএসএলআর ক্যামেরা, চাপাতি, রামদা ও বড় ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো—নাঈম আহম্মেদ (২০), শাহীন অকন্দ (২০), শাহীন চৌকিদার (২২), রহিম সরকার (১৯), নয়ন আহম্মেদ (১৯), রিদয় মাদবর (১৮), আব্দুর রাজ্জাক ওরফে রাজা (১৯), আনোয়ার হোসেন (১৯), শহিদুল ইসলাম (২০) ও আরমান (১৮)। পুলিশ জানিয়েছে, তারা সবাই টিকটক ভিডিও তৈরির প্রতি আসক্ত এবং উন্নতমানের কনটেন্ট বানাতে ডিএসএলআর ক্যামেরা হাতিয়ে নিতে এই নির্মম পরিকল্পনা করে।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গত ১৬ মে সন্ধ্যায় ভুয়া বিয়ের অনুষ্ঠানের অজুহাতে ফটোগ্রাফার নূরুল ইসলামকে জাফরাবাদে ডেকে নেওয়া হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী, বিকাশে ৫০০ টাকা অগ্রিম পাঠিয়ে তার বিশ্বাস অর্জন করে দুর্বৃত্তরা। শংকর বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশায় করে নিয়ে গিয়ে তাকে জাফরাবাদ পুলপারে নির্জন স্থানে পৌঁছালে ওঁৎ পেতে থাকা ১০ জন হামলা চালায়।
নূরুলের সহকর্মী ইমন পালিয়ে যেতে পারলেও নূরুল ইসলামকে চাপাতি ও ছোরা দিয়ে মাথা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার ক্যামেরা ও ব্যাগ ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে নূরুলকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নূরুল ইসলামের ভাই মো. ওসমান গনি থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে।
পুলিশের মতে, ১৮ থেকে ২২ বছর বয়সী এই যুবকরা প্রযুক্তিনির্ভর অপরাধে জড়িয়ে ভয়ংকর রূপ নিচ্ছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।






আপনার মতামত লিখুন