‘মার্চ টু যমুনা’তে পুলিশের বাধা, আহত অন্তত ২৫ জবি শিক্ষার্থী
৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত করার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। এতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা যমুনার দিকে অগ্রসর হচ্ছিলেন। কাকরাইল এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন—“রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”, “দিয়েছি রক্ত, আরও দেব” ইত্যাদি।
পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালায়। এতে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “আহত শিক্ষার্থীদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অধিকাংশের অবস্থা স্থিতিশীল।”
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা বলেন, “আমরা পিছু হটব না। ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা শেষ পর্যন্ত লড়ব।”






আপনার মতামত লিখুন