খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কুমিল্লার মুরাদনগরে এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ
কুমিল্লার মুরাদনগরে এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ডাক

জাতীয় নাগরিক পার্টি  (এনসিপি) এবং বিএনপি কুমিল্লার মুরাদনগরে একই দিনে পাল্টাপাল্টি সমাবেশ করার ঘোষণা দিয়েছে। পৃথক এই সমাবেশকে ঘিরে পুরো উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পৃথক দুটি স্থানে সমাবেশ করবে দল দুটি। তবে দুই দলের কেউই শোডাউন ও জনসভার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেনি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বিএনপি সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে পূর্ব থেকেই জনসভার ডাক দিয়েছে মুরাদনগর উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের। জনসভা সফল করতে এলাকায় পোস্টার সাটানো ও মাইকিং করে চালানো হয়েছে প্রচারণা।

অপরদিকে জাতীয় নাগরিক পার্টির (এনপিসি) নেতারা বলেন, তারাও একই দিনে (শনিবার) একই সময়ে বিএনপির সভাস্থলের পার্শ্ববর্তী আকবপুর ইউনিয়নের পীর কাশিমপুর হাইস্কুল মাঠে বাঙ্গরা বাজার শাখার উদ্যোগে জনসভার ডাক দিয়েছে। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বাবা মো. বিল্লাল হোসেন মাস্টারের নামে পোস্টার সাটানোসহ প্রচারণা চালানো হচ্ছে।

বিএনপির সঙ্গে একই দিনে জাতীয় নাগরিক পার্টির জনসভা ডাক দেওয়ার বিষয়ে জানতে চাইলে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন দল। তাদের অবশ্যই স্বাগত জানাই। তবে মুরাদনগর উপজেলা বিএনপি তাদের কখনোই প্রতিপক্ষ হিসেবে মনে করে না। মুরাদনগরে সুষ্ঠু নির্বাচন হলে ৯০% ভোট পাবে দাদা কায়কোবাদ।

জাতীয় নাগরিক পার্টির বাঙ্গরা বাজার শাখার সভাপতি কামরুল হাসান কেনাল বলেন, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে প্রতিটি অনুষ্ঠান করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি তার জনপ্রিয়তা প্রমাণ করবে জনসভাকে জনসমুদ্রে পরিণত করার মধ্য দিয়ে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, জনসভা করার বিষয়ে দুই দলের কারো পক্ষ থেকে কোনো অনুমতি চাওয়া হয়নি। বিষয়টি আমাকে জানিয়েছে বাঙ্গরা বাজার থানার ওসি।

অনুমতি না চাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে জনসভা বন্ধ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি