পুরো বাংলাদেশকেই লুট করার প্ল্যান ছিল আওয়ামী লীগেরঃ ড. আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ ব্যাংক থেকে দুই বিলিয়ন ডলার চুরি করার পরিকল্পনা ছিল। পুরো বাংলাদেশকেই লুট করার প্ল্যান ছিল বলে তিনি মন্তব্য করেন।
রোববার (১৩ এপ্রিল) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন ৷
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা বলেন, আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত জানানোর আগে প্রেক্ষিতটা বলি। এটা আমার ব্যক্তিগত মন্তব্য সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে আসলে দুই বিলিয়ন ডলার চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা শেষ পর্যন্ত করা গেছে ৮৮ মিলিয়ন ডলার। তার মধ্যে ৬৬ মিলিয়ন ডলার আমরা এখনো উদ্ধার করতে পারিনি। আমার কাছে মনে হয়েছে এটা একটা পুরা বাংলাদেশকেই লুট করার প্ল্যান ছিল। চিন্তা করেন দুই বিলিয়ন ডলার যদি বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেত আজকে আমরা প্রায় দুর্ভিক্ষ বা দুর্ভিক্ষ অবস্থায় পড়তাম। এটা গুরুতর একটা ফিনান্সিয়াল ক্রাইম এবং বাংলাদেশ ঘিরে অনেক বড় ষড়যন্ত্র। এটা তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন রাজনীতি করা হয়েছে। সিআইডি তদন্ত যখন একটা ম্যাচিউর পর্যায়ে চলে গিয়েছিল তখন আগেই সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল, সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, সিআইডি থেকে আমরা যেটা জেনেছি যে বাংলাদেশ ব্যাংকের যারা ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়। এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের এই ঘটনার সঙ্গে জড়িত কতজন চিহ্নিত করা হয়েছে, সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, আপনারা তো ফরাসউদ্দিনের রিপোর্টে অনেকের নাম পাবেন।






আপনার মতামত লিখুন