“লোহাগাড়ায় রক্তক্ষয়ী ঈদ”
চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: ৫ জন নিহত, ৯ জন আহত

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
নিহত ও আহতদের পরিচয়
নিহতদের মধ্যে রয়েছেন—লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের আধাঁরমানিক এলাকার বাসিন্দা রিফাত (১৮) ও আরাফাত (২১), সাতকানিয়ার সতিপাড়া এলাকার ছিদ্দিক (২৮), নাজিম উদ্দীন ও নেজাম উদ্দীন। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন, আসিফ তালুকদার, সোহান, তারিফ ও সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের সঙ্গে চট্টগ্রামমুখী টেকনাফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে, দুমড়ে-মুচড়ে যায় বাস দুটি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
প্রশাসনের ভূমিকা ও তদন্ত
দুর্ঘটনার খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি এবং হাসপাতালে পাঠাই। বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।”
এদিকে, দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, “লাশ ও দুর্ঘটনাকবলিত বাসগুলো থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
সড়ক নিরাপত্তার প্রশ্নে উদ্বেগ
এই দুর্ঘটনার ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানান, মহাসড়কের এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে, তবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্বদেশ/ আজাদ






আপনার মতামত লিখুন