যশোরে ‘শয়তানের নিশ্বাস’ আতঙ্ক!
রিকশাচালকের বশীকরণ, পরিত্যক্ত ভবনে তরুণী ধর্ষণ!

ছবি: প্রতীকী
যশোরে এক চাঞ্চল্যকর ঘটনায় ‘শয়তানের নিশ্বাস’ নামক মাদক ব্যবহার করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৯ মার্চ) শহরের চৌরাস্তার কাছে একটি পরিত্যক্ত ভবনে এই নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণীর মা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তরুণী ঝিকরগাছার একটি জুট মিলে কর্মরত ছিলেন। শনিবার সকালে মিল থেকে বের হয়ে রুদ্রপুরের বাড়িতে যাওয়ার জন্য তিনি একটি রিকশা ভাড়া করেন। রিকশাচালক যাত্রাপথে কোনো এক রাসায়নিক দ্রব্য ব্যবহার করে তরুণীকে বশ করে ফেলে। এরপর তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে শহরের চৌরাস্তার কাছে পদ্মারানীর পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্ত।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, তরুণী ঘটনার আকস্মিকতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তার বক্তব্যে ‘শয়তানের নিশ্বাস’ নামক মাদক ব্যবহারের কথা উঠে এসেছে। এই মাদক ব্যবহারের ফলে মুহূর্তের মধ্যে মানুষের স্বাভাবিক চেতনা লোপ পায় এবং সে বশীভূত হয়ে যায় বলে জানা যায়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ নামে পরিচিত এক ধরনের রাসায়নিক মাদক ব্যবহারের অভিযোগ উঠেছে। এটি ব্যবহারের ফলে ভুক্তভোগী সাময়িকভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অপরাধীর নির্দেশ মতো কাজ করে। আমরা ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি এবং অভিযুক্ত রিকশাচালককে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছি। ”
স্থানীয়দের মধ্যে এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে একজন রিকশাচালক এমন ভয়ঙ্কর মাদক ব্যবহার করে অপরাধ করতে পারলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্বদেশ/ আজাদ






আপনার মতামত লিখুন