সুন্দরবন জ্বলছে: মৌয়ালদের রহস্যময় উপস্থিতি”
সুন্দরবনের শাপলা বিলে ভয়াবহ আগুন: পাঁচ দিন পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুন্দরবনের শাপলা বিল এলাকায় গত রবিবার সকালে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ড অবশেষে বৃহস্পতিবার সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ডিএডি) জাকারিয়া হায়দার জানিয়েছেন, ১০টি ইউনিটের মোট ১৬৮ জন ফায়ার সার্ভিস কর্মী দুপুর ১২টার দিকে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
তিনি বলেন, “নিকটস্থ কোনো জলাধার না থাকায় আগুন নেভাতে আমাদের ব্যাপক কষ্ট করতে হয়েছে।”
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপেন চন্দ্র দাস জানান, ক্ষতিগ্রস্ত এলাকা আগামী সাত দিন নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখা হবে।
বন বিভাগের বিশেষ দল ২৪ ঘণ্টা নজরদারি চালাবে এবং ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারি করা হবে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ৪.৫ একর বনভূমি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
এর আগে, শনিবার সকালে বন বিভাগের সদস্যরা ধানসাগর স্টেশনের কোলমাটজি ক্যাম্পের কাছে তেপার বিল এলাকায় আগুন দেখতে পান। প্রায় ২৪ ঘণ্টা পর রবিবার সকালে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, শাপলা বিল ও তেপার বিল এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নির্ধারণে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা ইতোমধ্যে বিভিন্ন স্থান পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছেন। তদন্ত চলাকালে ঘটনাস্থলে মৌয়ালদের (মধু সংগ্রহকারী) ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।
তদন্ত শেষে প্রতিবেদন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) কাছে জমা দেওয়া হবে।
এছাড়া, বন বিভাগ মোরেলগঞ্জ ও তেপার বিল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে, বলে জানিয়েছেন এসিএফ দীপেন চন্দ্র দাস।
স্বদেশ /আজাদ






আপনার মতামত লিখুন