রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের ইঙ্গিত
সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এনসিপি নেতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার (২১ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং সূচনা বক্তব্য দেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যে আলোচনা হয়েছে, আমরা মনে করছি সেটি চলমান রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করার শামিল। রাজনীতি রাজনীতিবিদরাই নির্ধারণ করবেন।”
তিনি আরও উল্লেখ করেন, “কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য লক্ষ্য করেছেন। সেটা নিয়ে দেশের মধ্যেও কথা হয়েছে। এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে।” এনসিপি নেতা আরও জানান, ৫ আগস্টের পর আওয়ামী লীগের গণহত্যার দায় স্বীকার না করার বিষয়টি উল্লেখ করে, তাদের অপরাধ স্বীকার এবং বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করে। তবে সম্প্রতি দলটির তিন নেতা—যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের—পদত্যাগ করেছেন। তারা ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
এনসিপির এই অভ্যন্তরীণ পরিবর্তন এবং সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
স্বদেশ/ আজাদ






আপনার মতামত লিখুন