জাতীয় নাগরিক কমিটির ছদ্মাবরণে চাঁদাবাজি, হকারদের হাতে আটক প্রতারক চক্র
চট্টগ্রামে চাঞ্চল্যকর ঘটনা
ছবি সংগৃহীত
চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় হকাররা। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন নোয়াখালীর কবিরহাট থানার নরসিংহপুর গ্রামের মৃত মফিজ উল্লাহর ছেলে আবদুল কাদের ইমন (২৩) এবং বাগেরহাটের শরণখোলা থানার পশ্চিম রাজাপুর গ্রামের মৃত হেমায়েত মাঝির ছেলে আসাদুজ্জামান রাফি (২৬)।
স্থানীয় হকারদের অভিযোগ, মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি ইপিজেড এলাকার ফুটপাতের হকারদের কাছে চাঁদা দাবি করেন। এ সময় হকাররা সংঘবদ্ধ হয়ে ইমন ও রাফিকে আটক করে গণপিটুনি দেন এবং পরে পুলিশে খবর দেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান জানান, ‘জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি ইপিজেড এলাকার হকারদের কাছে চাঁদা দাবি করতে গেলে হকাররা ইমন ও রাফিকে আটক করে মারধর করেন এবং পুলিশে খবর দেন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মো. আজিম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, জাতীয় নাগরিক কমিটি একটি বাংলাদেশি রাজনৈতিক সংগঠন, যা ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদচ্যুতির পর জুলাই বিপ্লবের প্রেক্ষিতে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে সংগঠনটি সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করছে। তবে সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজির ঘটনা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় হকারদের দ্রুত পদক্ষেপ এবং পুলিশের কার্যকর ভূমিকা প্রশংসনীয়। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
স্বদেশ /আজাদ






আপনার মতামত লিখুন