জাতীয় নির্বচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না
জুলাই বিপ্লবের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছে ভারতে। আমি সরকারকে বলতে চাই অনতিবিলম্ব একটা জাতীয় নির্বাচন দিতে হবে। একটা রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বলছে জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকারে নির্বাচন চায়। আমি জামায়াতে ইসলামীকেও বলতে চাই জাতীয় নির্বাচন হচ্ছে একটি রাজনৈতিক সমাধান। মানুষের অধিকার আদায়ের জন্য জাতীয় নির্বাচন দরকার। জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এসব কথা বলেছেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বর্তমানে একটি অনির্বাচিত সরকার দেশে আছে। এই সরকারের কাজ হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু এই সরকার অন্য কোনো পন্থায় গেলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধেও আমাদেরকে আন্দোলনে নামতে হবে। তাই বন্ধুরা আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, জুলাই বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতার রক্তে ভেজা এই বাংলাদেশে আসুন আমরা গণতন্ত্র ফিরিয়ে আনি। আমাদের নেতা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সবাই মিলে হাতে হাত রেখে এই সরকারকে বলি অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের ঘোষণা তাকে দিতে হবে।
তিনি আরও বলেন, পিছনের কথা আমরা সবাই ভুলে যাই। আমরা সবাই এক হয়ে থাকি। ঐক্যবদ্ধ থেকে রাজবাড়ী জেলা বিএনপিকে শক্তিশালী করি। আজ থেকে রাজবাড়ী জেলা বিএনপির মধ্যে কোনো গ্রুপিং থাকবে না। আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে থাকব। একটা বিএনপির পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ৩১ দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন ও রেজাউল করিম শিকদার পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান,কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম প্রমূখ।
এসময় জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন