রাজধানীতে গুলি করে স্বর্ণ-টাকা ছিনতাই
বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামের এক স্বর্ণ-ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বনশ্রী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তার শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগীর দোকান বনশ্রীর ডি ব্লক এলাকায়। প্রতিদিন তিনি দোকান থেকে এ সময় বাসায় ফেরেন। আজ দোকান থেকে বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এ ছাড়া তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং ছুরিকাঘাত করে।
তিনি জানান, ঘটনাটি ভুক্তভোগীর বাসার সামনেই ঘটেছে। তিনি আমাদের জানিয়েছেন, তার কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে এখনও আটক করা যায়নি বা চিহ্নিত করা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।






আপনার মতামত লিখুন