অন্তর্বর্তী সরকারের প্রতি মির্জা ফখরুল
আমাদের (রাজনৈতিক দল) প্রতিপক্ষ বানাবেন না
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার (১৩ অক্টোবর) দলীয় এক আলোচনা সভায় প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েন বলেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মির্জা ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন।
বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে। এটা আমাদের দায়িত্ব। আমরা হাজার বার বলেছি, আমাদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) বলেছেন, এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। তাহলে এই কথাটা উনারা কেন বলবেন। আমার মনে হয়, তিনি হয়তো এর গুরুত্ব বুঝতে পারেননি অথবা এর প্রেক্ষিতটা বুঝতে পারেননি।
নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনাদের সামনে অনেক কাজ। অনেকে মনে করেছেন, হাসিনা পালিয়ে গেছেন, কাজ শেষ হয়ে গেছে, না। কিছুক্ষণ আগে সুলতান সালাউদ্দিন টুকু (বিএনপির নেতা) বলছিলেন, আমাদের এই আন্দোলন চলবে নির্বাচন পর্যন্ত। না, না…এই নির্বাচনের পরে আরও বহু বহুদিন…যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রকে সংস্কৃতিতে পরিণত করতে পারব, গণতন্ত্র একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে, ওই জায়গায়তো আমাদের পৌঁছাতে হবে।
বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের কথা আমরা বলছি, সেই গণতন্ত্র কথার কথা নয়। এটা একটা সংস্কৃতি। আপনি-আমি কীভাবে কথা বলব, আমি আমার প্রতিবেশীর সঙ্গে কেমন কথা বলব, আমার রাজনীতির প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলব— সে বিষয়গুলো আমাদের গণতন্ত্রের ভেতর দিয়ে শিখতে হবে।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ।






আপনার মতামত লিখুন