চাকুরী ফেরত পাওয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন বরখাস্ত পুলিশ সদস্যরা
‘সুখবর আছে। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। আইজিপির সঙ্গে বৈঠকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান তাদের জন্য প্রয়োজনে আইনজীবী নিয়োগ করা হবে। আর অধিকাংশরাই চাকরি ফেরত পাবেন বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে আমাদের প্রতিনিধিও থাকবে। আইজিপির সঙ্গে বৈঠকে অংশ নেওয়া চাকরিচ্যুত এএসআই সাদ্দাম হোসেনের এসব কথা শোনার পর স্বস্তি ফিরে আসে আন্দোলনরত পুলিশ সদস্যদের মাঝে।
এর আগে চাকরি পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে আজ (রোববার) দুপুর থেকে বিক্ষোভ করছিলেন গত ১৫ বছরে নানা কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এরপর সন্ধ্যা ৭টায় আন্দোলনরত পুলিশ সদস্যদের মধ্য থেকে চারজনকে ডেকে নিয়ে বৈঠক করেন পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) মো. ময়নুল ইসলাম।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ) ড. শোয়েব রিয়াজ আলম উপস্থিত আন্দোলনকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন বর্তমান আইজিপিও বিভিন্ন সময় বাহিনী কর্তৃক বৈষম্যের শিকার। তিনি আপনাদের ব্যাপারে আন্তরিক। আপনাদের চাকরি ফেরানোর বিষয়ে আন্তরিক। আপনাদের বিরুদ্ধে যদি বিন্দুমাত্র অন্যায় অবিচার করা হয় তাহলে তারা চাকরি ফেরত পাবেন।
তিনি বলেন, আইজিপি একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি করে দিয়েছেন। আপনাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সব কিছু বিচার-বিবেচনা করবেন বলে জানিয়েছেন। কেস টু কেস দেখা হবে। সেজন্য একটু সময় দরকার। একজন একজন করে আসবেন প্রত্যেকের বিষয় শোনা হবে। এমন কোনো প্রক্রিয়া অনুসরণ করা উচিত হবে না চাকরি ফেরত পেলেন কিন্তু বেতন পেলেন না। আদালত থেকে যারা নির্দোষ হিসেবে খালাস পেয়েছেন, তারা অটোমেটিক চাকরি পাবেন। আর যাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান সেগুলো জিডি আকারে আমলে নিয়ে ডিসমিস করা হবে। আপনারা আজ চলে যান। রাস্তা ক্লিয়ার করেন। আপনাদের সঙ্গে আপনাদের মনোনীত প্রতিনিধিরা ব্রিফ করবেন। কাল (সোমবার) থেকে আপনাদের সবার কথা কেস টু কেস শোনা হবে।
পরে আন্দোলনকারীদের সমন্বয়করা পুলিশ সদস্যদের নিয়ে প্রধান ফটক ছেড়ে ফুটপাতে অবস্থান নেন। এতে করে রাত ৮টা নাগাদ পুলিশ সদর দপ্তরের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে রোববার দুপুর ১২টা থেকে সামান্য কারণে বিভাগীয় মামলা, বেআইনি আদেশ না শোনা, ডোপ টেস্টের নামে ফাঁদ, ছুটি না দেওয়ায় তর্ক করাসহ নানা কারণে গত ১৫ বছরে চাকরিচ্যুত হওয়া হাজারো পুলিশ সদস্য অবস্থান নেন পুলিশ সদর দপ্তরের সামনে। এ সময় তারা সদর দপ্তরের প্রধান ফটকসহ দুটি গেইট বন্ধ করে রাখায় আইজিপিসহ সব কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। এরপর সন্ধ্যা ৭টার দিকে পুলিশ সদর দপ্তরের ভেতর থেকে চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।






আপনার মতামত লিখুন