জার্মানিতে মূল্যস্ফীতির পাশাপাশি বেড়েছে বেতনও
জার্মানিতে চলতি মে মাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে দেশটির পরিসংখ্যান কার্যালয় ডেস্টাটিস। একইসাথে এ বছরের প্রথম তিন মাসে বেতন বৃদ্ধির হার ২০০৮ সালের পর সবচেয়ে বেশি। চলতি বছরের প্রথম তিন মাসে বেতন বেড়েছে ৬.৪ শতাংশ৷ তবে মূল্যস্ফীতি সমন্বয় করার পর বেতন বৃদ্ধির হার হয় ৩.৮ শতাংশ। এই হার ২০০৮ সালের পর সবচেয়ে বেশি৷
মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ২.৪ শতাংশ৷ অর্থাৎ, আগের বছরের মে মাসের তুলনায় মূল্য বেড়েছে ২.৪ শতাংশ৷ এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ২.২ শতাংশ৷ ডেস্টাটিস বলছে, ছয় মাসের মধ্যে মে মাসেই প্রথমবার মূল্যস্ফীতি বাড়লো।
জার্মানিতে মে মাসে খাবারের দাম আগের বছরের মে মাসের তুলনায় ০.৬ শতাংশ বেড়েছে৷ এ বছরের মে মাসে সেবার দাম ৩.৯ শতাংশ বেড়েছে৷
আগের বছরের তুলনায় জ্বালানির দাম ১.১ শতাংশ কমেছে। মূল্য সংযোজন কর বা ভ্যাট আগের ১৯ শতাংশে ফিরে যাওয়ার পরও জ্বালানির দাম কমেছে৷ ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের হামলা করার পর জ্বালানির দাম বাড়তে থাকায় জার্মান সরকার জ্বালানির মূল্যের উপর ভ্যাট ১৯ শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করেছিল৷
চলতি বছরে মূল্যস্ফীতির হার ২.৪ শতাংশ হতে পারে বলে ধারনা করছে জার্মান সরকার৷ গতবছর এটি ৫.৯ শতাংশ ছিল৷






আপনার মতামত লিখুন