ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী নিখোঁজ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী প্রচারণায় গিয়ে পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ হয়েছেন। আজ বুধবার (২৯ মে) প্রাথীর স্বামী মাসুদ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছে।
মাসুদ খন্দকার বলেন, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছে। গতকাল মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুইজন সহযোগী নিয়ে নির্বাচনী প্রচারণায় যায় প্রীতি। হরষপুরের ঋষিপাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাইরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভেতরে কথা বলছিল। ১০-২০ মিনিট পার হলেও যখন বের হচ্ছে না তখন দুজন মহিলা ভেতরে গিয়ে প্রীতিকে খোঁজে পাচ্ছিলেন না। পরে অনেকক্ষণ খোঁজখবর নিয়ে প্রীতিকে না পেয়ে তারা বাড়িতে চলে আসেন। পরে আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানা পুলিশের ওসি মহোদয়কে অবগত করি। রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করে মঙ্গলবার রাত ১২টার পর জিডি করতে বলেন। রাত ১২টায় থানায় যাওয়ার পর ওসি বলেছেন আজ সকালে জিডি করতে।
বুধবার সকাল ১০টা পর্যন্ত থানায় বসে জিডি লিখছেন বলে প্রার্থীর স্বামী জানিয়েছেন। তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন ঈর্ষান্বিত হয়ে আমার স্ত্রীকে গুম করেছে।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৮ মে) দুপুর ২টা থেকে বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রীতি খন্দকারের কোন খোঁজ নেই। প্রার্থীর স্বামী রাতে এসেছিলেন আমাদের কাছে। তাকে নিয়ে রাতে ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় তদন্ত চলছে।






আপনার মতামত লিখুন