মাহমুদউল্লাহর ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ১৫৭ রান
রবিবার জিম্বাবুয়েকে হারালেই হোয়াইটওয়াশ করবে নাজমুল হোসেন শান্তর দল। সেই লক্ষ্যেই শুরুতে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে পুঁজি পেয়েছে স্বাগতিকরা।
এদিন টস হেরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারি পুল করার চেষ্টায় টাইমিং পাননি তানজিদ হাসান। শর্ট কভারে সহজ ক্যাচ নেন ওয়েলিংটন মাসাকাদজা। ৫ বলে ২ রান করে ফেরেন তানজিদ হাসান। এরপরের ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন সৌম্য সরকার। ব্রায়ান বেনেটের লাফানো ডেলিভারি কাট করতে গিয়ে সৌম্যর ব্যাটের ওপরের কানায় লাগে। ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ নেন শন উইলিয়ামসন। ৭ বলে ৭ রান করেন সৌম্য।
হোয়াইটওয়াশের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ এদিন একাদশে আনে ৩ পরিবর্তন। বাইরে রাখা হয় তাসকিন আহমেদ, তানজিম হাসান ও তানভির ইসলামকে। তাদের জায়গায় একাদশে ফেরেন মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
দুই ওপেনারকে হারানোর খানিক পরই তাওহিদ হৃদয়কেও হারিয়ে বসে বাংলাদেশ। বেনেটের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি কাট করার চেষ্টায় ব্যাটের বাইরের কানায় লেগে কট বিহাইন্ড হন ৬ বলে ১ রান করা হৃদয়। ৩ ব্যাটারকে হারালেও মাহমুদউল্লাহ’র সঙ্গে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। এই দুই ব্যাটারের দৃঢ়তায় পাওয়ার প্লে’তে ৩ উইকেট হারিয়ে ৩৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। সেখান থেকে দলকে ৫০’র ঘরে নিয়ে যান দুজন। বিপর্যয় সামাল দিয়ে নিজেদের মাঝে ৫০ রানের জুটিও গড়েন তারা। অবশ্য দশম ওভারে অল্পের জন্য বেঁচে যান শান্ত। ওয়েলিংটন মাসাকাদজার বলে ক্রিজ ছেড়ে মারার চেষ্টায় তার ব্যাটের বাইরের কানায় লাগে।






আপনার মতামত লিখুন