১৫৪ রান নিয়ে লড়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
আসরজুড়ে দাপট ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটারদের। তবে ফাইনালে এসে ছন্নছাড়া ভিক্টোরিয়ান্স ব্যাটিং লাইনআপ। একাধিক ব্যাটার উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। এই তালিকায় আছেন লিটন দাস, তাওহীদ হৃদয় ও জনসন চার্লসের মতো তারকারা। শেষদিকে আন্দ্রে রাসেলের ক্যামিওতে লড়াই করার পুঁজি পায় কুমিল্লা।
শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন অঙ্কন।
ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় কুমিল্লা। পঞ্চম বলে কাইল মেয়ার্সকে ফ্লিক করতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন সুনিল নারিন। এই ক্যারিবিয়ান ওপেনার ৪ বলে ৫ রানের বেশি করতে পারেননি।
হৃদয় ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটনও। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১২ বলে ১৬ রান। চারে নেমে জনসন চার্লস আশা দেখালেও ইনিংস বড় করতে পারেননি। ১৫ রানে থেমেছেন এই ক্যারিবিয়ান ব্যাটার।
অঙ্কনের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৮ রান। অঙ্কন ফেরার পর শেষদিকে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। এই ক্যারবিয়ান হার্ডহিটার ১৪ বলে করেছেন অপরাজিত ২৭ রান। এরমধ্যে ১৯তম ওভারেই তুলেছেন ২১ রান। অপরাজিত ২০ রানের ইনিংসে এক প্রান্ত আগলে রেখেছিলেন জাকের আলি।






আপনার মতামত লিখুন