যদি একবার বলো ভালোবাসো
যদি একবার বলো ভালোবাসো
হীরামনি
তুমি যদি একবার বলো ভালোবাসো,
তাহলে পৃথিবীর সকল অসম্ভব কাজ করার আশ্বাস দিবো,
যেমন ধরো, চাঁদ তারা এনে লুটিয়ে দিবো তোমার পায়ের কাছে,
বিশ্ব সংসার তন্ন তন্ন করে নিয়ে আসবো কয়েক কোটি লাল পদ্ম,
তোমার জন্য পাড়ি দিবো শত সহস্র আকাশ।
তুমি যদি একবার বলো ভালোবাসো,
মর্ত্যের সকল সুখ এনে পাহাড় বানাবো তোমার বাড়ির উঠোনে,
প্রতি রাতে লিখবো অজস্র প্রেমসিক্ত কবিতার বই,
পৃথিবীর সকল গৃহহীনকে দিবো আশ্রয়ণ প্রকল্পের ঘর।
তুমি যদি একবার বলো ভালোবাসো,
ব্রম্মান্ডের সকল কামিনিকে বানাবো বারোমাসি ফুল,
দূর্বাফুলের নরম পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে বানাবো তোমার আমার বাসর,
হাসনা হেনার গন্ধে ভীড় করাবো স্বর্গ ও মর্ত্যের সকল সুখ।
তুমি যদি একবার বলো ভালোবাসো,
চাষার কাম সারতে পৃথিবীর সকল চাষাকে দিবো নতুন লাঙ্গল,
পৃথিবীর সকল আলে বসিয়ে দিবো অমিয় ঝর্ণাধারা,
মুক্তিকামী সকল পাখিকে অবমুক্ত করে দেবো মাঝ দরিয়ায়।
তুমি যদি একবার বলো ভালোবাসো,
আমৃত্যু জেগে থেকে তোমার চোখে চোখ পোড়াব,
তোমার হৃদয়ের সুঘ্রাণ মাখিয়ে চঞ্চলা বানাবো আমার হৃদয়,
তোমার অন্তরের অন্তস্তলে গড়বো আমার আপন আলয়।
তুমি যদি একবার বলো ভালোবাসো,
আমি বাসবো অনাদি অনন্ত বসন্তকাল।






আপনার মতামত লিখুন