খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সিরিয়ায় জর্ডানের এবং ইরান-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় মুসলিম বিশ্বে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ
সিরিয়ায় জর্ডানের এবং ইরান-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় মুসলিম বিশ্বে আতঙ্ক

ইসরায়েলের আগ্রাসন চলছিল ফিলিস্তিনে। তাতে সায় দেয়ায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য লক্ষ্যবস্তু হয় ইয়েমেনের হুতি সম্প্রদায়ের। এই দুই দেশের নৌযানে হামলা চালায় হুতিরা। অবশ্য এতে থেমে থাকেনি এই দুই দেশ। তারা ইয়েমেনে বিমান হামলা চালায়। এই পরিস্থিতিতে হঠাৎ করেই বিবাদে জড়াচ্ছে মুসলিম বিশ্ব।  এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুসলিম বিশ্বে।  

চলতি সপ্তাহে ইরান হামলা চালায় পাকিস্তানে। পাকিস্তানও থেমে থাকেনি। প্রতিশোধ নিতে তারাও পাল্টা হামলা চালায় ইরানে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে কিছুটা। এরমধ্যেই আপাত: দৃষ্টিতে নিরিহ দেশ হিসেবে বিবেচিত জর্ডান সিরিয়ায় হামলা চালিয়ে ১০জনকে হত্যা করেছে। অবশ্য বিশ্লেষকরা মনে করছেন এসব উত্তেজনার পিছনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার হাত আছে। মুসলিমদের মধ্যে যখন ফিলিস্তিন বিষয়ে ঐক্য গড়ে উঠছিল তখনই নিজেদের মধ্যে বিবাদ লাগিয়ে দেয়ার পুরোনো কৌশলে ফিরেছে যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। যদিও এর কোনও নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।

সিরিয়ায় জর্ডানের বিমান হামলা

সিরিয়ায় বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের চারজন নারী এবং সবাই বেসামরিক নাগরিক। প্রতিবেশী দেশ জর্ডান এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। স্থানীয় মিডিয়া অনুসারে, দক্ষিণ-পূর্ব সিরিয়ার সুইদা প্রদেশের আরমান এবং মালহ শহরকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় আনুমানিক ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলার পেছনে জর্ডানের বাহিনী রয়েছে বলে মনে করা হচ্ছে।

যদিও জর্ডানের সরকার এখনও তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেনি। সুইদা ২৪ নামের শহরভিত্তিক একটি নিউজ প্ল্যাটফর্ম বলেছে, যুদ্ধবিমানগুলো স্থানীয় সময় মধ্যরাতের পরে আবাসিক এলাকায় একযোগে হামলা চালায়। মালহে হামলায় কিছু ঘরবাড়ির মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আর আরমানে দ্বিতীয় হামলায় অবশ্য দুটি বাড়ি ধসে পড়ে এবং অন্তত ১০ জন বেসামরিক লোক নিহত হন। নিহতদের মধ্যে চারজন নারী এবং দুইজন মেয়ে রয়েছে যাদের বয়স পাঁচ বছরের কম।

অস্ত্র চোরাচালান এবং মাদক চোরাচালান কার্যক্রম ব্যাহত করার প্রয়াসে জর্ডান সিরিয়ায় এর আগেও অভিযান চালিয়েছে বলে মনে করা হয়। আর সেসব অভিযানের বেশিরভাগই হয় উভয় দেশের সীমান্তের কাছে। কিন্তু শহরের বাসিন্দারা বৃহস্পতিবার হামলার লক্ষ্যবস্তু কি ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরমানের বাসিন্দা মুরাদ আল-আব্দুল্লাহ আল জাজিরাকে বলেছেন, ‘যা ঘটেছে তা শিশু ও নারীদের বিরুদ্ধে একটি গণহত্যা ছিল। গ্রামগুলোকে লক্ষ্য করে যে বিমান হামলা চালানো হয়েছে তা মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই হিসাবে চিহ্নিত করা যায় না।’

আল-আব্দুল্লাহ বলেন, বোমা হামলা শুধু মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বাড়িতেই সীমাবদ্ধ ছিল না। হামলায় অন্যান্য বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গ্রামবাসীদের ঘুমিয়ে থাকার সময় হামলা হওয়াতে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং এই হামলা অপ্রয়োজনীয় বেসামরিক মৃত্যুর কারণ হয়েছে।

পাঁচ বছরের বেশি নয় এমন দুই মেয়ের মাদক পাচারে জড়িত হওয়া অযৌক্তিক বলে জানান আল-আব্দুল্লাহ।

আল জাজিরা বলছে, জর্ডান সীমান্তের কাছে অবস্থিত গ্রামের উপজাতি এবং বাসিন্দারা এই সপ্তাহেই মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে পৃথক বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে সীমান্তের ওপারে মাদক ও অন্যান্য পণ্য পাচারকারীদের অপরাধমূলক নেটওয়ার্ক নির্মূল করতে জর্ডানকে সাহায্য করার অঙ্গীকার করা হয়েছে। এর পরিবর্তে তারা জর্ডানকে বেসামরিক স্থানগুলোতে বোমা হামলা স্থগিত করতে আহ্বান জানিয়েছে।

সিরিয়ার দ্রুজ ধর্মীয় গোষ্ঠীর আধ্যাত্মিক নেতা শেখ হিকমত আল-হাজরি আরও বেসামরিক রক্তপাত রোধ করতে জর্ডানের কাছে আবেদন করেছেন। আল-হাজরি এক বিবৃতিতে বলেছেন, ‘এই ধরনের আক্রমণগুলো বিশেষভাবে চোরাকারবারি এবং তাদের সমর্থকদের লক্ষ্য করেই হওয়া উচিত।’

আরমানের বাসিন্দা আল-আব্দুল্লাহ জর্ডানকে সিরিয়ার স্থানীয়দের সাথে নিয়ে পাচার কার্যক্রম বন্ধ করার জন্য সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা এমন একটি সমাজ যা মাদকের উৎপাদন বা ব্যবসাকে মেনে নিই না এবং জর্ডান সরকারের উচিত ছিল আবাসিক এলাকায় বোমা হামলা না করে মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার জন্য আমাদের প্রবীণদের সাথে যোগাযোগ করা।’

ইরান-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা

ইরানে এবার পাল্টা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ৭ নারী ও শিশু নিহত হয়েছেন। বেলুচিস্তান প্রদেশে ইরানের হামলার জবাবে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এই হামলা চালিয়েছে পরমাণু শক্তিধর এই দেশটি।

পাকিস্তান অবশ্য ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে পাকিস্তান বৃহস্পতিবার হামলা চালিয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে ইসরায়েল-সংশ্লিষ্ট জঙ্গি ঘাঁটিতে ইরান আক্রমণ করার দুই দিন পরে পাকিস্তান এই হামলা চালাল।

ইরানি মিডিয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে তিন নারী ও চার শিশু নিহত হয়েছে। নিহতরা সবাই অ-ইরানি নাগরিক।

পাকিস্তানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানের সময় বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া এই অভিযানকে ‘সন্ত্রাসী আস্তানাগুলোর বিরুদ্ধে অত্যন্ত সমন্বিত এবং বিশেষ লক্ষ্যবস্তুতে সামরিক হামলা’ হিসাবেও বর্ণনা করেছে মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়েছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে পাকিস্তান। তবে আজকের এই হামলার একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করা। এটি সব কিছুর ওপরে এবং এই বিষয়ে কোনও আপস করা যায় না।’

পাকিস্তানের একটি গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, সামরিক বিমানের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ‘আমাদের বাহিনী ইরানের অভ্যন্তরে বেলুচ জঙ্গিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হামলার টার্গেটে থাকা জঙ্গিরা বিএলএফের অন্তর্ভুক্ত।’

এদিকে তেহরান ইসলামাবাদের কাছে সর্বশেষ এই হামলার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বলে অজ্ঞাত এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ইরানের বার্তাসংস্থা তাসনিম।

এর আগে, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্থানীয় জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আকাশসীমা লঙ্ঘন করে ইরানের চালানো এই হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হন।

পরে বেলুচিস্তান প্রদেশে ইরানের বিমান হামলা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইসলামাবাদে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। একই সঙ্গে তেহরান থেকে নিজ রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় দেশটি।

বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এই তথ্য জানান। সেসময় তিনি বলেন, ‘ইরান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ ছাড়া পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, যিনি বর্তমানে তেহরান সফর করছেন তিনি আপাতত আর ফিরে নাও আসতে পারেন।’

পাকিস্তান এই বেআইনি কাজের জবাব দেওয়ার অধিকার রাখে বলেও সেসময় হুঁশিয়ারি উচ্চারণ করেন মুমতাজ জাহরা বালোচ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি