জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে শিক্ষার্থীদের মাঝে শিবিরের শিক্ষা সামগ্রী বিতরণ
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামপুর উপজেলা শাখা। রোববার (১২ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামপুর উপজেলা শাখার সভাপতি জুনাইদ আল হাবিব জিহাদ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা সভাপতি আসাদুল ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের ঋণ শোধ করা সম্ভব নয়, তবে আদর্শ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামী আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে।”
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামপুর উপজেলা সভাপতি জুনাইদ আল হাবিব জিহাদ বলেন, “শহীদদের স্মরণে আয়োজিত এই শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। ভবিষ্যতেও শিক্ষা, মানবিকতা ও সামাজিক কল্যাণে ছাত্রশিবিরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

প্রধান আলোচকসভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, বিমানবন্দর থানা আবু সাঈদ মো. মিন্টু বলেন, “একটি আদর্শবান ও শিক্ষিত প্রজন্মই দেশের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষার্থীদের মেধার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত ইসলামপুর পৌরসভার মেয়র প্রার্থী মনির হোসেন বলেন, “যে জাতি তার শহীদদের স্মরণ করে, সেই জাতিই এগিয়ে যায়। শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার অফিস সম্পাদক আবু সাইম বলেন, “দেশ ও জাতির কল্যাণে নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি শৃঙ্খলা ও আদর্শের চর্চা করতে হবে।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আহসান উল্লাহ বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ এবং ছাত্র সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি রহমতুল্লাহ, অর্থ সম্পাদক রনি, এইচআরডি সম্পাদক শিব্বির বিন জিয়া, সাহিত্য সম্পাদক মো. আবু সাঈদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরে জুলাই অভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।






আপনার মতামত লিখুন