রেলপথে কক্সবাজার যেতে চাইলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ট্রেনের টিকিট পাওয়া। টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় অধিকাংশ আসন। যাত্রার ১০ দিন আগেই অনলাইনে দেখা যায় ‘জিরো সিট’।
রেলে দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন রুট ঢাকা-কক্সবাজার-ঢাকায় বর্তমানে চলছে মাত্র দুটি ট্রেন। বছরের প্রায় প্রতিদিনই এই রুটে শতভাগ যাত্রী থাকলেও বাড়ানো হচ্ছে না ট্রেনের সংখ্যা।
ফলে প্রতিদিন হাজারও যাত্রী টিকিট না পেয়ে বাধ্য হচ্ছেন বিকল্প পথ বেছে নিতে। টিকিট না পেয়ে কেউ যাচ্ছেন বাসে, সামর্থবানরা বেছে নিচ্ছেন আকাশপথ। প্রশ্ন উঠছে, ১১ হাজার ৩৩৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত দেশের অন্যতম বড় রেল প্রকল্পে যখন যাত্রীর চাহিদা তুঙ্গে, তখন সেই চাহিদা পূরণে নতুন ট্রেন চালু করতে পারছে না কেন বাংলাদেশ রেলওয়ে? যাত্রী ফিরিয়ে দিয়ে আর কতদিন সম্ভাব্য আয় ও সেবার সুযোগ হারাবে রাষ্ট্র?
রেলপথ তৈরির পর পাহাড়-সমুদ্রের শহর কক্সবাজারে প্রথম ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’ যাত্রা শুরু করে ২০২৩ সালের ১ ডিসেম্বর। ওইদিন ১ হাজার ১০ জন যাত্রী ট্রেনে প্রথমবার ঢাকা থেকে কক্সবাজার যান। এরপর থেকে আর কখনও ওই ট্রেনের কোনো আসন ফাঁকা যায়নি। যাত্রীদের এমন চাহিদার কথা বিবেচনা করে মাত্র ৪০ দিন পরই ‘পর্যটক এক্সপ্রেস’ নামে আরও একটি নতুন ট্রেন দেওয়া হয় ওই রুটে। তাতেও যাত্রী চাহিদা বিন্দুমাত্র কমেনি। বর্তমান ঢাকা থেকে দুটি আর শুধুমাত্র চট্টগ্রাম থেকে দুটি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করছে।
বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত এপ্রিল মাসে শুধুমাত্র কক্সবাজার এক্সপ্রেস (৮১৩ ও ৮১৪) আয় করেছে ৫ কোটি ৭৮ লাখ টাকা। আর মে মাসে আয় করেছে ৫ কোটি ৫২ লাখ টাকা। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে রাত ১১টায়। আর কক্সবাজার থেকে ছাড়ে দুপুর সাড়ে ১২টায়।
অন্যদিকে গত এপ্রিল মাসে পর্যটক এক্সপ্রেস (৮১৫ ও ৮১৬) আয় করেছে ৪ কোটি ২৪ লাখ টাকা। আর মে মাসে আয় করেছে ৩ কোটি ৮৬ লাখ টাকা। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে সকাল ৬টা ১৫ মিনিটে। আর কক্সবাজার থেকে ছাড়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
সূত্রটি আরও জানায়, এই দুটি ট্রেনে টিকিটের চাহিদা এমন যে, গড়ে বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩৬০ (৯৮.৬৩ শতাংশ) দিনই ১০০ শতাংশ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে ট্রেন দুটি। এই রুটটি বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে লাভজনক রুট।
যাত্রী চাহিদার প্রেক্ষিতে প্রায় প্রতিদিনই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে সর্বোচ্চ ৩ থেকে ৬টি অতিরিক্ত কোচ সংযোজন করা হয়। আর পর্যটক এক্সপ্রেস ট্রেনে ২ থেকে ৩টি কোচ অতিরিক্ত সংযোজন করা হয়। এসব অতিরিক্ত এসি কোচে ৩০ শতাংশ ও নন-এসি কোচে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিয়েই যাত্রীরা যাতায়াত করে থাকেন।
রেলওয়ের দায়িত্বশীল আরও একটি সূত্র জানিয়েছে, লোকোমোটিভ ও কোচ সংকটের কারণে নতুন কোনো ট্রেন দিতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। ফলে নতুন একটি পরিকল্পনা করা হয়েছে। সেই মোতাবেক, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে যাওয়া ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার পর্যন্ত নেওয়া হতে পারে। বিষয়টি চলমান আছে।
গত এপ্রিল মাসে ৪ সদস্যের পরিবার নিয়ে কক্সবাজার থেকে ঘুরে এসেছেন আশরাফুল ইসলাম অনিক। তিনি ঢাকা পোস্টকে বলেন, নিয়ম অনুযায়ী ১০ দিন আগেই সকালে বসেছিলাম ট্রেনের টিকিট কাটতে। কিন্তু টিকিট ছাড়ার ২ মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেল। আমি চেষ্টা করেও টিকিট ধরতে পারিনি। পরিবার নিয়ে বাসের চেয়ে ট্রেন ভ্রমণ অনেকটা নিরাপদ। তাই বাধ্য হয়ে বাইরে থেকে ৪টি টিকিট সংগ্রহ করলাম ১৫০০ টাকা বেশি দিয়ে। কিন্তু আসার পথে কোনোভাবেই আর টিকিট পেলাম না। পরে বাধ্য হয়ে বাসে আসতে হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম শহরের জ্যাম ঠেলে বাসে ঢাকায় ফিরতে সময় লেগেছে ১২ ঘন্টা। এটা একটা ভোগান্তি। যদি ট্রেনে সিট পেতাম, তাহলে নিশ্চয়ই ট্রেনেই ফিরতাম। কিন্তু ট্রেনই তো মাত্র দুইটা, সিট পাবো আর কোথায়? রেলের উচিৎ কক্সবাজার রুটে আরও তিন-চারটা ট্রেন দেওয়া। কারণ, ট্রেন চালু হওয়ার পর থেকে কক্সবাজার পর্যটক নিয়মিত হয়েছে। আমিই আমার বন্ধুদের এখন বছরের বিভিন্ন সময় দেখি কক্সবাজারে যেতে।
কক্সবাজার হোটেল-মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, আমাদের এখানে ট্রেন আসার পর থেকে সারা বছরই পর্যটক আসছে। ট্রেনের সংখ্যা বাড়ানো হলে পর্যটক আরও আসবে। কারণ, ট্রেনে সবাই আরাম করে আসতে পারে। অনেকে আবার বাসেও চড়তে পারেন না। কিন্তু ঠিকই ট্রেন চড়তে পারেন।
হাজার কোটি টাকার রেলপথে শতভাগ চাহিদা থাকা সত্বেও কেন আরও ট্রেন চালানো যাচ্ছে না— এমন প্রশ্নে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, এই রুটে আমাদের নতুন ট্রেন দেওয়ার পরিকল্পনা আছে ঠিকই। আমাদের কোচ-ইঞ্জিন থাকলে আমরা আরও আগেই ট্রেন দিতাম। এখন যেসব ট্রেন ঢাকা-চট্টগ্রাম রুটে চলে, এর মধ্যে কোনো একটা ট্রেন কক্সবাজার পর্যন্ত এক্সট্রেনশন করা যায় কি না সেটা আমরা চিন্তাভাবনা করছি।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, যেসব জায়গায় যাত্রী চাহিদা বেশি আছে, সেগুলোতে নতুন করে আরও ট্রেন চালু করার ইচ্ছা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, আমাদের লোকোমিটিভ ও ক্যারেজের স্বল্পতা আছে। সেই জায়গায় যখন আমরা সক্ষমতা বৃদ্ধি করতে পারবো এবং যখন আরও বেশি রকম ক্যারেজ আসবে তখনই আমরা এই লাইনগুলোতে আরও বেশি নতুন ট্রেন দিতে পারবো।
তিনি আরও বলেন, আমরা প্রতিটি কাজই শুরু করেছি এবং আমাদের পাইপলাইনেও আছে। আমরা আশাবাদী আগামী ২-৩ বছরের মধ্যে একটা দৃশ্যমান সমাধানের মধ্যে আসতে পারব। আমরা সেভাবেই আগাচ্ছি।
আপনার মতামত লিখুন