দীর্ঘমেয়াদি যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে দাবি ইরানের
ইরান দাবি করেছে, তাদের কাছে বহু বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পর্যাপ্ত মজুত রয়েছে। দেশটির জ্যেষ্ঠ আইনপ্রণেতা আলাউদ্দিন বোরুজের্দি এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি বলেন, তেহরান এখনো তাদের পূর্ণ সামরিক সক্ষমতা প্রকাশ করেনি এবং প্রয়োজনে নতুন কৌশল সামনে আনা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কথিত নৌ অবরোধকে অকার্যকর বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, বর্তমানে প্রায় ১২০টি জাহাজ ওই এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে এবং অনেক ইরানি জাহাজ নির্বিঘ্নে চলাচল করছে।
আঞ্চলিক প্রেক্ষাপটে তিনি বাব আল-মান্দেব প্রণালি-এর গুরুত্ব তুলে ধরে বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে কোনো অস্থিতিশীলতা তৈরি হলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব পড়তে পারে। পাশাপাশি হরমুজ প্রণালি-এর ওপর ইরানের সার্বভৌম অবস্থান থেকে পিছু হটার প্রশ্নই আসে না বলেও জানান তিনি।
এদিকে, ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর এক কর্মকর্তা হামাদ আকবরজাদেহ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে ইরান উন্নত লক্ষ্যবস্তুতে আঘাত হানার নতুন সক্ষমতা ব্যবহার করবে। বিশেষ করে বড় নৌযানের বিরুদ্ধে এসব প্রযুক্তি প্রয়োগ করা হতে পারে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। পরে পাকিস্তান-এর মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পরবর্তী আলোচনা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সাম্প্রতিক প্রস্তাব গ্রহণযোগ্য নয়। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট অবস্থান না থাকায় আলোচনা জটিল হয়ে পড়েছে।






আপনার মতামত লিখুন