আজ থেকে চবিতে ই-কার সেবা সাময়িক বন্ধ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ পরিবেশবান্ধব ইলেকট্রিক কার (ই-কার) সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ড্রাইভারদের সঙ্গে অসংগতিপূর্ণ ও অশোভন আচরণের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ই-কার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে ড্রাইভারদের সঙ্গে খারাপ আচরণ, ম্যানেজারের ওপর হামলার চেষ্টা এবং শারীরিকভাবে আঘাত করার অভিযোগ রয়েছে। এমনকি কয়েকজন ড্রাইভারকে ক্যাম্পাস ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে। এসব ঘটনার কারণে ড্রাইভারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় আপাতত সেবা বন্ধ রাখা হয়েছে।
ই-কারের সহকারী ইনচার্জ মো. মোরশেদ আলম বলেন, দীর্ঘদিন ধরেই কিছু শিক্ষার্থী ড্রাইভারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছিল। সম্প্রতি পরিস্থিতি আরও খারাপ হয়, যখন কয়েকজন শিক্ষার্থী ম্যানেজারের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। এর আগেও একাধিক ড্রাইভার শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন এবং হুমকির মুখে পড়েছেন। ফলে বর্তমানে অনেক ড্রাইভারই গাড়ি চালাতে অনাগ্রহী।
তিনি আরও জানান, ড্রাইভারদের অভিযোগের ভিত্তিতে আজ থেকে ই-কার সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মানজনক আচরণের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
এদিকে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা জানিয়েছেন, বিষয়টি নিয়ে ই-কার কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দেবে। বর্তমানে ১২টি ই-কারের মধ্যে ৯টি সচল রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অতিরিক্ত যাত্রী বহনের কারণে কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট পরীক্ষামূলকভাবে ৬টি ই-কার চালু করা হয়। পরে আরও ৬টি যুক্ত হয়ে মোট ১২টি ই-কার ক্যাম্পাসে পরিবহন সেবা দিয়ে আসছিল।






আপনার মতামত লিখুন