মধ্যপ্রাচ্য উত্তেজনায় ইরানের তিনটি তেল ট্যাংকার আটকালো যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পাশাপাশি ইরানি বন্দরমুখী বা সেখান থেকে বের হওয়া আরও ২৯টি জাহাজকে তাদের পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মালয়েশিয়া, ভারত ও শ্রীলঙ্কার কাছাকাছি এশীয় জলসীমায় থাকা ইরানি পতাকাবাহী ট্যাংকারগুলোকে থামিয়ে তাদের অবস্থান পরিবর্তনে বাধ্য করা হয়।
আটক জাহাজগুলোর মধ্যে ‘ডিপ সি’ নামের একটি সুপার ট্যাংকার ছিল, যা আংশিক অপরিশোধিত তেল বহন করছিল। এছাড়া প্রায় ১০ লাখ ব্যারেল ধারণক্ষমতার ‘সেভিন’ নামের একটি ট্যাংকার, যা প্রায় ৬৫ শতাংশ ভর্তি ছিল, সেটিকেও থামানো হয়। আরেকটি বড় ট্যাংকার ‘ডোরেনা’, যাতে প্রায় ২০ লাখ ব্যারেল তেল বোঝাই ছিল, সেটিও আটকের তালিকায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানি বন্দরগুলোকে কেন্দ্র করে নৌ অবরোধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ২৯টি জাহাজকে ফিরে যেতে বা বিকল্প পথ নিতে বাধ্য করা হয়েছে।
এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর কংগ্রেসকে জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের পাতা নৌ-মাইন অপসারণ করতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে। তবে চলমান সংঘাত অব্যাহত থাকলে আপাতত এমন কোনো অভিযান চালানো হবে না বলেও জানানো হয়েছে।






আপনার মতামত লিখুন