ইউরেনিয়াম স্থানান্তরের যুক্তরাষ্ট্রের দাবিকে নাকচ করল ইরান
সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাতে ইরান সম্মত হয়েছে—এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান সরকার।
শনিবার (১৮ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।
ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেন, তেহরান কখনোই তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর প্রস্তাব মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। তিনি স্পষ্ট করে জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা বা শূন্যে নামিয়ে আনার বিষয়টিও ইরানের জন্য ‘লাল রেখা’।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ে এই বক্তব্যকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছে দেশের মাটির মতোই মূল্যবান এবং এটি কোনোভাবেই বাইরে পাঠানো হবে না।
উল্লেখ্য, গত বছর মার্কিন-ইসরায়েলি হামলার আগে ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ছিল, যা সহজেই অস্ত্রমানের (৯০%) ইউরেনিয়ামে রূপান্তরযোগ্য বলে বিশ্লেষকরা মনে করেন।
যদিও ইরান দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি নিরাপত্তার জন্য পরিচালিত হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, দেশটির উৎপাদন সক্ষমতা ও ঘোষিত লক্ষ্যের মধ্যে এখনও বড় ধরনের পার্থক্য রয়েছে।






আপনার মতামত লিখুন