আন্দোলন শুরু হয়ে গেছে, সফলতা না আসা পর্যন্ত চলবেঃ শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, দেশে চলমান আন্দোলন ইতোমধ্যেই শুরু হয়েছে এবং এটিকে ধাপে ধাপে সফলতার দিকে এগিয়ে নিতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় জোট এই সেমিনারের আয়োজন করে।
সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেন, গণভোট নিয়ে সরকারের অবস্থান দ্বৈত ও অস্পষ্ট। সংসদে এ বিষয়ে কথা বলতে গিয়ে বাধার সম্মুখীন হলেও তারা জনগণের পক্ষে কথা বলা থেকে সরে আসেননি। তিনি জানান, সংসদে যাওয়ার লক্ষ্য সুবিধা ভোগ নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।
গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটি শুধু শিক্ষার্থী বা রাজনৈতিক কর্মীদের আন্দোলন নয়; বরং শ্রমজীবী মানুষও এতে বড় ভূমিকা রেখেছে। তার ভাষায়, শহীদদের বড় একটি অংশই শ্রমিক শ্রেণির, যারা বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিল।
বর্তমান সংসদকে ‘জুলাইয়ের ফসল’ উল্লেখ করে তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। প্রয়োজনে আবারও ত্যাগ স্বীকারের প্রস্তুতির কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতা ভাগাভাগির জন্য নয়; বরং জনগণের রায় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আন্দোলন সবার, তাই সবাইকে পাশে থাকতে হবে।
রাজনীতিতে ব্যক্তিপূজা ও প্রশংসার সংস্কৃতি পরিহারের আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে জনগণের সমস্যা ও সমাধান নিয়েই আলোচনা হওয়া উচিত।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এছাড়া উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।






আপনার মতামত লিখুন