চাঁদের মিশন শেষে সফলভাবে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-II এর চার নভোচারী
মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক অর্জন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস-II মিশন। প্রায় ৫০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো মানবসহ চাঁদের চারপাশে ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে এই মহাকাশযান।
শুক্রবার স্থানীয় সময় ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে চারজন নভোচারী। পুনঃপ্রবেশের সময় তীব্র গরম ও গতির কারণে কিছু সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও পরে প্যারাশুটের মাধ্যমে নিরাপদে অবতরণ সম্পন্ন হয়।

এই ঐতিহাসিক অভিযানে অংশ নেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কখ এবং জেরেমি হ্যানসেন। তারা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ১০ দিনের যাত্রায় মহাকাশে যান এবং চাঁদের অদৃশ্য পাশ ঘুরে আসেন।
এই মিশনটি ১৯৭২ সালের অ্যাপোলো-১৭ অভিযানের পর প্রথম মানবচালিত চন্দ্র প্রদক্ষিণ হিসেবে বিবেচিত হচ্ছে। যাত্রাপথে তারা মানব ইতিহাসের সবচেয়ে দূরবর্তী মহাকাশ অবস্থানেও পৌঁছান বলে জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, এই মিশন ভবিষ্যতের চন্দ্রাভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ। বিশেষ করে ওরিয়ন ক্যাপসুলের তাপ প্রতিরোধ ব্যবস্থা, নেভিগেশন ও জীবন রক্ষাকারী প্রযুক্তি যাচাই করা হয়েছে।
মিশন শেষে নভোচারীরা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে শিগগিরই যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত জনসন স্পেস সেন্টারে ফিরবেন। তারা জানিয়েছেন, মহাকাশ থেকে পৃথিবীকে দেখা তাদের কাছে এক অনন্য অভিজ্ঞতা, যা মানবতাকে নতুনভাবে ভাবতে উৎসাহিত করবে।






আপনার মতামত লিখুন