বিশ্ববাজারে স্বর্ণের দাম একলাফে অনেকটা কমল
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক স্বর্ণবাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে উল্লেখযোগ্যভাবে কমে যায়। বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে, ফলে স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পট গোল্ডের দাম ২ দশমিক ৮ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৬২২ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে মার্কিন গোল্ড ফিউচার ৩ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৪৯ ডলারে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ঘোষণার ফলে তেলের দাম ও ডলারের মান বেড়েছে, যা স্বর্ণের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রোড্ডা মনে করেন, এই পরিস্থিতিতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
শুধু স্বর্ণই নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন দেখা গেছে। রুপার দাম ৫ দশমিক ৪ শতাংশ কমেছে। পাশাপাশি প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ৩ দশমিক ১ শতাংশ এবং ১ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে।
তবে বৈশ্বিক বাজারে দাম কমে যাওয়ায় ভারতে স্বর্ণের চাহিদা কিছুটা বেড়েছে। অন্যদিকে চীনে ক্রেতারা আরও কম দামের আশায় অপেক্ষা করায় সেখানে বাজারে কিছুটা স্থবিরতা দেখা গেছে।






আপনার মতামত লিখুন