আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ
আর্জেন্টিনার কর্তৃপক্ষ দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে মামলা চালানোর নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সংস্থাটির সভাপতি ক্লাউদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনো-এর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে।

বেইন স্পোর্টসের প্রতিবেদনে জানানো হয়, বিচারিক তদন্তের অংশ হিসেবে এএফএ-কে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। বিচারক দিয়েগো আমারান্তে ৩৫০ মিলিয়ন পেসো জব্দের নির্দেশ দিয়েছেন।
রায়ে বলা হয়েছে, কর এবং সামাজিক নিরাপত্তা তহবিল আত্মসাতের অভিযোগে এই তদন্ত পরিচালিত হচ্ছে। মামলার নথি অনুযায়ী, গত দুই বছরে ১৯ বিলিয়ন পেসোর বেশি বকেয়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে।
অভিযোগের বিষয়ে ক্লাউদিও তাপিয়া আদালতে লিখিত জবাব দিয়ে দায় অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তদন্তে উল্লেখিত বিষয়ে তার সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না।
অন্যদিকে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা নিয়ম অনুযায়ী কর সংক্রান্ত সব তথ্য জমা দিয়েছে এবং প্রযোজ্য সুদসহ বকেয়া অর্থ পরিশোধ করেছে।






আপনার মতামত লিখুন