আমিরাতে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। রাজধানী আবুধাবিসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) গ্রেপ্তারের নির্দেশ দেন আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসি।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতকে ঘিরে ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। এ কারণে অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, কয়েক দিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি চালানোর পর তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে এসব তথ্য ছড়ানো হচ্ছিল।
আইন অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ড দেশটিতে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয়। দোষী সাব্যস্ত হলে কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং প্রায় এক লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।
ওয়াম নিউজ এজেন্সি জানিয়েছে, তদন্তে দেখা গেছে গ্রেপ্তার ব্যক্তিরা তিনটি দলে বিভক্ত হয়ে এসব কার্যক্রম চালাচ্ছিলেন।
প্রথম দলটি প্রকৃত ভিডিও ক্লিপ শেয়ার করলেও এমন মন্তব্য যুক্ত করেছে যা মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ তৈরি করতে পারে। দ্বিতীয় দলটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করেছে বা অন্য দেশের ঘটনার ফুটেজকে আমিরাতের ঘটনা বলে প্রচার করেছে।
তৃতীয় দলটি একটি শত্রুভাবাপন্ন রাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রশংসা করে প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছে। এই দলে গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






আপনার মতামত লিখুন