আজ আকাশে ‘ব্লাড মুন’: ২০২৬ সালের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
আজ দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য—২০২৬ সালের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় চাঁদ লালচে আভা ধারণ করবে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। এমন দৃশ্য আবার দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণ শুরু হবে। পূর্ণগ্রাস পর্ব শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং কেন্দ্রীয় গ্রহণ ঘটবে ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা ধরা হয়েছে ১.১১৫।
কেন লাল দেখায় চাঁদ?
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়। ফলে সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের আলোর একটি অংশ প্রতিসারিত হয়ে চাঁদের গায়ে পড়ে। বায়ুমণ্ডল নীল আলোর ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বেশি ছড়িয়ে দেয় এবং লাল আলোর দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য চাঁদের দিকে যেতে দেয়। এ কারণেই গ্রহণের সময় চাঁদ তামাটে বা লালচে আভা ধারণ করে।
নাসার তথ্য অনুযায়ী, সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় আকাশ লাল দেখানোর পেছনেও একই বৈজ্ঞানিক কারণ কাজ করে।
কোথায় সবচেয়ে ভালো দেখা যাবে?
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রহণের কেন্দ্রীয় গতিপথ হবে উত্তর প্রশান্ত মহাসাগরে, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দক্ষিণ-পশ্চিমে। এছাড়া কিংম্যান রিফ জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য, হাওল্যান্ড দ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ার কোসরাই দ্বীপ ও লুগাও অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাংশে গ্রহণটি স্পষ্টভাবে দৃশ্যমান হবে।
বাংলাদেশে কখন দেখা যাবে?
বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত গ্রহণের শেষ অংশ দেখা যাবে। বিভাগীয় শহরগুলোর সময়সূচি নিচে দেওয়া হলো—
ঢাকা: সন্ধ্যা ৬:০১:১২
চট্টগ্রাম: বিকেল ৫:৫৬:২৪
সিলেট: বিকেল ৫:৫৪:৩০
রাজশাহী: সন্ধ্যা ৬:০৭:৩৬
খুলনা: সন্ধ্যা ৬:০৫:১২
বরিশাল: সন্ধ্যা ৬:০১:৫৪
ময়মনসিংহ: সন্ধ্যা ৬:০০:২৪
রংপুর: সন্ধ্যা ৬:০৪:৩৬
রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়া থেকে চাঁদের সম্পূর্ণ নির্গমনের মাধ্যমে গ্রহণ শেষ হবে।






আপনার মতামত লিখুন