রাষ্ট্রপতির বক্তব্য অগ্রহণযোগ্যঃ জামায়াত আমির
দৈনিক কালের কণ্ঠ–কে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৫টা ৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, “৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তা স্বীকার করেননি। কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন, তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?”
তিনি আরও বলেন, “জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।”
সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দাবি করেন, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল; তবে বিএনপি ও সামরিক বাহিনী সমর্থন না দেওয়ায় তা সম্ভব হয়নি। এ বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।






আপনার মতামত লিখুন