কক্সবাজারে বিলাল এরদোয়ান-মেসুত ওজিল
রোহিঙ্গা ক্যাম্পে টিকার প্রকল্প পরিদর্শন
তুরস্কের প্রেসিডেন্টের পুত্র বিলাল এরদোয়ান, জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা টিকা–এর চেয়ারম্যান আরন আবদুল্লাহ বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশেষ বিমানে তারা কক্সবাজার বিমানবন্দর–এ অবতরণ করেন। পরে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর তারা সড়কপথে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যান। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্প ৯–এ তুরস্কের ফিল্ড হাসপাতাল এবং ক্যাম্প ১৬–এ টিকার শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র ঘুরে দেখার কথা রয়েছে। পাশাপাশি ক্যাম্প ৪–এ আয়োজিত রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতেও তাদের অংশ নেওয়ার সূচি রয়েছে।
এর আগে বুধবার সকালে তাদের বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করে। সেখান থেকে তারা ঢাকার একটি হোটেলে যান এবং পরে টিকার দপ্তর পরিদর্শন করেন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়–এ গিয়ে টিকার সহায়তায় নির্মিত একটি নতুন মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর এই প্রকল্পের কাজ শুরু হয়। ওজিলদের দেখতে বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।






আপনার মতামত লিখুন